হাওরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজের ৪০ ঘন্টা পর এক পর্যটকের ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল রোববার সকাল ৭টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার ঘোড়াউত্রা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে একই এলাকায় গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। নিহত শফিকুল ইসলাম তুলু (২৮) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। নিকলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহসান হাবীব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই পর্যটক নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। গত রবিবার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঘোড়াউত্রা নদীতে তার লাশ ভেসে ওঠে। স্থানীয় জেলেরা লাশ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিকলী থানার ওসি মাহবুবুর রহমান জানান, গত শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২০ থেকে ২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় পৌঁছালে তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় শফিকুল ইসলামসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে শফিকুল ইসলাম পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় শুক্রবার অভিযান স্থগিত করা হয়।
শনিবারও অভিযান চালানো হয়। গতকাল রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি মাহবুবুর রহমান।
