বন্যাদুর্গতদের পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খাগড়াছড়ি প্রতিনিধি

সরকার অত্যন্ত গভীরভাবে দুর্যোগ মোকাবেলার চেষ্টা করছে। দুর্গত মানুষদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী কাজ করছে। যারা আশ্রয়কেন্দ্রে আসতে পারেনি তাদের কাছে ত্রাণসহ উদ্ধার কার্যক্রম পরিচালনায় কোন কমতি নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। গত শনিবার বিকালে খাগড়াছড়ি পৌরসভা ও সদরের বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলা পরিদর্শন করে সরকার প্রকৃত ক্ষতি ও মানুষের দুর্ভোগ দেখতে মাঠপর্যায়ে কাজ করছেন। দুর্গত মানুষের জন্য সরকার কাজ করে যাবে বলেও জানান তিনি।
এ সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা সহ প্রশাসন ও স্থানীয় বিএনপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
