মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন জামায়াত নেতা

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

মহিলা কলেজে শিক্ষকতা করায় জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের নতুন সেক্রেটারি হয়েছেন কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক। গত সোমবার রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের ফেসবুক পেজ থেকে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসিনও এ তথ্য নিশ্চিত করেছেন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কোনো পুরুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য পদে (রুকন) দায়িত্ব পালন করতে পারবেন না। এ কারণে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি হিসেবে মো. এনামুল হককে মনোনীত করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার জেলা কর্মপরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তির তথ্য নিশ্চিত করে জেলা জামায়াতের আমির এ কে এম আলী মহসিন বলেন, ‘কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হিসেবে নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সারা দেশে এমন সাতজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাৎক্ষণিক সর্বসম্মতিক্রমে জেলার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শহর জামায়াতের আমির এনামুল হককে। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া সুজাউদ্দিন জোয়ার্দার জেলার দৌলতপুর উপজেলায় অবস্থিত বাগোয়ান ডক্টর ফজলুল হক মহিলা কলেজের শিক্ষক। দলীয় পদ হারানোর বিষয়ে তিনি বলেন, জেলা জামায়াতের সেক্রেটারি পদ পাওয়ার আগেই তিনি ফজলুল হক মহিলা কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন। তবে গঠনতন্ত্রের এই ধারা তখন শিথিল ছিল। ফলে সে সময় তাঁর সেক্রেটারি পদ পেতে বাধা হয়নি। চাকরি ছাড়লে আবার স্বপদে বহাল রাখা হবে। সুজাউদ্দিন জোয়ার্দার আরও বলেন, কেন্দ্রীয় কমিটি সারা দেশের রুকনদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে তার মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই। এদিকে নবনিযুক্ত জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী জেলা জামায়াতের সেক্রেটারি পদ থেকে সুজা উদ্দিন জোয়ারদারকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি একজন সাধারন সদস্য হিসেবে থাকবেন। কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন বলেন, ‘ঘটনা সত্য। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হিসেবে নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সারা দেশে এমন সাতজনকে অব্যাহতি দেওয়া হেয়েছে। তাৎক্ষণিক সর্বসম্মতিক্রমে জেলার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শহর জামায়াতের আমীর এনামুল হককে।