সবজির বস্তায় মিলল নতুন মাদক ‘স্কাপ’

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে অভিনব কায়দায় আলু ও পেয়ারার বস্তায় লুকিয়ে পাচারের সময় ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ‘স্কাপ’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার বিকালে দর্শনা বিজিবির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। উদ্ধার মাদকের এই চালানটি রেলপথে উত্তরাঞ্চলের সৈয়দপুরে পাচারের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে চিলাহাটিগামী যাত্রীবাহী ‘রকেট মেইল’ ট্রেনে দর্শনা হল্ট স্টেশন থেকে মাদকের একটি বড় চালান পাচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে স্টেশনে আলু ও পেয়ারার বস্তা ফেলে রেখে পালিয়ে যায় ২-৩ জন সন্দেহভাজন ব্যক্তি। পরে স্থানীয়দের উপস্থিতিতে পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশি করে সুকৌশলে লুকিয়ে রাখা ১৪০ বোতল স্কাপ সিরাপ জব্দ করা হয়। দর্শনা স্টেশনের লেবার সর্দার কলম মিয়া জানান, বিকালে এক ব্যক্তি ৪-৫টি আলু ও পেয়ারার বস্তা সৈয়দপুরে বুকিং করার কথা বলে স্টেশনে রেখে যান। পরে বস্তাগুলো রেখে তিনি কৌশলে কেটে পড়েন। এর পরপরই বিজিবি এসে বস্তাগুলো তল্লাশি করে মাদক উদ্ধার করে। চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল নাজমুল হাসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য দর্শনা থানায় জমা দিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।