র‌্যাবের ওপর হামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‌্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনার মামলার প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে র‌্যাব-১১, সদর কোম্পানি এবং র‌্যাব-১৫, কক্সবাজারের একটি যৌথ আভিযানিক দল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লা থানার মাসদাইর দাতা সড়ক এলাকার বাসিন্দা হারুনের ছেলে ।

বিভিন্ন মামলার এজাহার ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গিট্টু রিপন নারায়ণগঞ্জের মাসদাইর ও ফতুল্লা এলাকায় কিলার জাহিদ বাহিনীর অন্যতম প্রধান শুটার ও সক্রিয় সদস্য। তিনি কন্ট্রাক্ট কিলিং, হত্যা, মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলেন।

এছাড়া মাসদাইর, বোয়ালিয়া খাল ও গুদারাঘাট এলাকায় ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজার পাইকারি ও খুচরা ব্যবসা নিয়ন্ত্রণের পাশাপাশি অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করতেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

র‌্যাবের তথ্যমতে, গত ৫ মে ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় জাহিদ ও গিট্টু রিপনের মাদকের আস্তানার বিষয়ে তথ্য সংগ্রহে গেলে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দলের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালানো হয়। এসময় গিট্টু রিপন তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তিনজন র‌্যাব সদস্যকে গুরুতর জখম করে।