একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল তিন বোন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বড়াইগ্রামে এক সঙ্গে জন্ম নেয়া তিন জমজ বোন প্রাথমিক বৃত্তি পেয়ে চমক সৃষ্টি করেছে। তারা তিনজনই ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উপজেলার জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। বৃত্তিপ্রাপ্তরা হলো- তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তারা জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল করিম সরকার ও গৃহিণী শিল্পী খাতুন দম্পতির সন্তান। তাদের বাড়ি জোনাইল বাজারপাড়া এলাকায়। বর্তমানে তারা জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

তাদের বাবা স্কুলশিক্ষক রেজাউল করিম সরকার জানান, তাদের এক সাথে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই তাদের তিন বোনের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ। আমি নিজেও তাদেরকে যতটুকু পারি সময় দেই, তাছাড়া তাদের মাও উচ্চ শিক্ষিত। সেও মেয়েদের পড়াশুনার যথেষ্ঠ খেয়াল রাখে। তাছাড়া তারা নিজেরাও নিয়মিত লেখাপড়া ও একে অপরকে সহযোগিতা করে। আল্লাহ তায়ালার রহমত, স্বজনদের অনুপ্রেরণা, তাদের আপ্রাণ প্রচেষ্টা আর শিক্ষকদের দিক নির্দেশনাই তাদের এ সাফল্যের মূল চাবিকাঠি।

জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা খাতুন কেয়া বলেন, তারা ছোট বেলা থেকেই পড়াশুনায় বেশ ভালো। তারা যথেষ্ঠ ভদ্র ও বিনয়ী। তাদের এমন সাফল্যে আমরা সবাই খুবই খুশি। আগামীতে তারা আরও ভাল ফলাফল করবে বলেই আমাদের প্রত্যাশা। আরও ভাল ফলাফল করবে বলেই আমাদের প্রত্যাশা।