দুই ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের পরিচালিত এ অভিযানে জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান যাচাই এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্স ও নজরুল স্টোরে ভেজাল এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য মজুত ও বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং নজরুল স্টোরকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।
