স্ত্রী হত্যায় স্বামী গ্রেপ্তার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় মহল্লায় স্ত্রী সুমি (২৫) হত্যার ঘটনায় স্বামী মেরাজকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই মহল্লার কাশেম আলীর ছেলে। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, প্রায় ৩ বছর আগে একই এলাকার কাল্লাকান্দি গ্রামের নূর মোহাম্মদের মেয়ে সুমি খাতুনকে বিয়ে করে মেরাজ। এ বিয়ের পর থেকে মাঝেমধ্যেই নানা অজুহাতে স্ত্রীকে নির্যাতন করত এবং মাদক সেবনের জন্য শ্বশুর বাড়ি থেকে টাকা এনে দিতে স্ত্রীকে চাপ সৃষ্টি করত। এ টাকা এনে দিতে অস্বীকার করে আসছিল স্ত্রী। এরই জের ধরে গতকাল বুধবার সকালে বিশেষ কৌশলে স্ত্রীকে হত্যার পর বিষ খেয়ে আত্নহত্যা করেছে বলে প্রচার চালানো হয়। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং নিহত স্ত্রীর শরীরে আঘাতে চিহৃ ও ঘরের মেঝেতে রক্তের দাগ দেখা যায়। এ ঘটনার পর পালিয়ে যায় স্বামী। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহত সুমির শাশুড়ি ও ননদকে আটক করে এবং বিকালে পুলিশ একই এলাকায় অভিযান চালিয়ে স্বামীকে মেরাজকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
