চবিতে প্রাথমিক চিকিৎসাবিষয়ক কর্মশালা
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে বিভিন্ন আবাসিক হলের সিক রুম বিয়ারারদের নিয়ে দ্বিতীয় ধাপে ‘প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার চবি মেডিকেল সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও মেডিকেল উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) পুরো মেডিকেল সেন্টার পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা অসুস্থ হলে প্রাথমিক ও জরুরি চিকিৎসা সেবা দেয় বিয়ারাররা। এজন্য সিক বিয়ারারদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এতে শিক্ষার্থীরা প্রাথমিক ও জরুরি চিকিৎসা সেবা সহজেই পেয়ে থাকে। আজকে পুরো মেডিকেল সেন্টার পরিদর্শন করেছি। মেডিকেল সেন্টারকে আরও উন্নত ও আধুনিকায়ন করার জন্য আমরা চেষ্টা করছি।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্য সেবা ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহরাওয়ার্দী হল সংসদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাজেদুর রহমান মারুফ। কর্মশালার দ্বিতীয় ধাপে হলের বিয়ারারদের জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন ব্যবহারিক কৌশল শেখানো হয়।
