আদমজী ইপিজেডে পোশাক কারখানায় আগুন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকার একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোর ৪টার দিকে অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামে পোশাক কারখানায় একটি গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের তাপে ভবনের স্টিলের কাঠামোর একটি অংশ ধসে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে গুদামে থাকা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্য মালামাল পুড়ে গেছে।
কারখানার শ্রমিকরা জানান, ভোরের দিকে হঠাৎ গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। গোডাউনে বিপুল পরিমাণ ফেব্রিক্স ও দাহ্য কেমিক্যাল জাতীয় উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তাপ ও ধোঁয়ার কারণে আশপাশের কারখানার শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ, শিবু মার্কেট ও কাঁচপুর ফায়ার স্টেশন থেকে আরও ৮টি ইউনিট যোগ দেয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, কাপড়ের গুদাম হওয়ায় কিছু জায়গায় এখনও অল্প অল্প আগুন জ্বলছে। তবে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। গুদামটি ছিল স্টিলের কাঠামোর সেমি পাকা ভবন। ভেতরে কাপড়ের রোল রাখা ছিল। আগুনের তাপে ভবনের স্টিলের কাঠামোর একটি অংশ ধসে পড়ে। গোডাউনে থাকা কোনো কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।
