আট স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বারসহ মিজানুর রহমান (৬০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার বেলা পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর বিওপির সামনের সড়কে এ অভিযান চালানো হয়। বিজিবি আরো জানায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে মুন্সিপুর বিওপির সামনের সড়কে এলে বিজিবি টহলদল সন্দেহজনকভাবে তাকে থামায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করা হয়। তার কোমরে লুঙ্গির ভাঁজে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।