কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে কারেন্ট জাল সংরক্ষণের দায়ে সুজন শেখ নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম বালিয়াকান্দির সাধুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল বুধবার র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সুজন শেখের বসতবাড়ি থেকে ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। অবৈধ জাল সংরক্ষণের দায়ে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
