পীরগঞ্জে জেলা পরিষদের খাদ্য সহায়তা বিতরণ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে অতি বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে রংপুর জেলা পরিষদের পক্ষ থেকে পাঁচগাছি ইউনিয়নে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার উক্ত ইউনিয়নের মাঠের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুননবী পলাশ, সাধারন সম্পাদক জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ প্রমুখ।

পরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন ৩ শতাধিক ব্যক্তির মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয় ।

খাদ্য সহায়তা বিতরণ কালে জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, অতি বৃষ্টির কারণে দিনমজুর, রিকশাচালক, কৃষি শ্রমিকসহ অনেক নিম্নআয়ের মানুষ কাজ করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করতে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

খাদ্য সহায়তা প্রাপ্ত উপকারভোগী জোস্না বেগম, জালাল উদ্দিন খাদ্য সহায়তা প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করে বর্তমান সরকার ও জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, কয়েক দিন ধরে কাজ না থাকায় পরিবার নিয়ে সংকটে পড়েছিলেন। এ সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে।