সিরাজদিখানে মাদকবিরোধী অভিযান
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সিরাজদিখান বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। দণ্ডপ্রাপ্তরা হলেন আশিক মনি দাস (২২) এবং রনি চন্দ্র মন্ডল (৩৪)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে তাদের মাদক সেবনের প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
