কালকিনি বাস টার্মিনাল উদ্বোধন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে নবনির্মিত কালকিনি পৌর বাস টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, এই টার্মিনাল শুধু নির্মাণ করলেই হবে না, এটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা সবার দায়িত্ব। তারেক রহমান যেভাবে একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটায় পৌর বাস টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আপনারা এই টার্মিনাল এমনভাবে রক্ষণাবেক্ষণ করবেন, যাতে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বাস টার্মিনালে পরিণত হয় এবং সবাই এর প্রশংসা করে।
জানা যায়, ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এতদিন কোনো নির্ধারিত বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাতে হতো। ফলে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হতো এবং জনদুর্ভোগ বাড়ত।
দীর্ঘদিনের সেই প্রত্যাশার অবসান ঘটিয়ে পৌর প্রশাসনের উদ্যোগে ও তত্ত্বাবধানে নির্মিত এই বাস টার্মিনাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এতে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসীসহ সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানান, নতুন বাস টার্মিনাল চালু হওয়ায় মহাসড়কে যানজট কমবে, যাত্রীসেবা আরও সহজ হবে এবং ভূরঘাটা এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে। এসময় উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, কালকিনি পৌরসভার প্রকৌশলী রাকিব হোসেনসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
