ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা পৌরশহরে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে মুহিদ খান রিফাত (২২) নামে এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। তিনি মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে এবং ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার সকালে পৌরশহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় হাওড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মামা লিলু মড়ল জানান, ঈদের ছুটিতে নয়, পোশাক কারখানা থেকে ছুটি নিয়ে হাওড় এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন রিফাত। ভোরের দিকে তার মোবাইল ফোনে যোগাযোগ করা না গেলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পারেন, ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, ট্রেনের চাকায় কাটা পড়ার পর মুহিদ খান রিফাত ছিটকে রেললাইনের পাশের একটি ডোবায় পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা লাশ উদ্ধার করে নেত্রকোণা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।