আর্জেন্টিনার জয় উদযাপনের ছবি তুলতে গিয়ে যুবকের মৃত্যু
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা শহরে আর্জেন্টিনার জয় উদযাপনের ছবি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দীপ্ত চৌধুরী (২৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে শহরের শহিদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী এলাকার বাদল চৌধুরীর একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু জুবায়ের আহমেদ সাজিদ জানান, আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর শহীদ মিনার এলাকায় সমর্থকরা জড়ো হয়ে বিজয় উদযাপন করেন। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের পরও বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা সেখানে জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠেন। একপর্যায়ে দীপ্ত শহীদ মিনার মোড়ের সিঙ্গার শোরুম সংলগ্ন ভবনের ছাদে উঠে বিজয় উল্লাসের ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে উপস্থিত সমর্থকরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
