সিরাজগঞ্জে নিখোঁজ দুই শিশু ১ মাস পর উদ্ধার
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে বহুল আলোচিত নিখোঁজ সেই ২ শিশু উদ্ধার। সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকার বহুল আলোচিত দুই শিশু নিখোঁজের ঘটনার এক মাস পর তাদের উদ্ধার করা হয়েছে। তারা হলো, একই এলাকার খুকনি রহমতখোলা গ্রামের আব্দুল্লাহ (১০) ও আটারদাগ গ্রামের আফসার হোসেন (১২)। এ নিখোঁজের ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১১ জুন দুপুরে ওই দুই শিশু স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। এ ঘটনায় গত ১৩ জুন নিখোঁজ আব্দুল্লাহর বাবা শামিম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেন। পুলিশ এ মামলায় রাকিব ও রাহিম নামে দুইজনকে গ্রেপ্তার করে। এছাড়া পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এর মধ্যে গত ৮ জুলাই আফসার হোসেন নিজ বাড়িতে ফিরে আসে। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, তারা দুজন সিরাজগঞ্জের সয়দাবাদ রেলস্টেশন থেকে ঢাকায় যায় এবং সেখানে তামিম নামের একটি হোটেলে কাজ করছিল।
