কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যায় মামলা
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে তার নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় হত্যা মামলাটি করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করা করা হয়। আসামিরা হলেন- বরগুনা জেলার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মৃত সুলতান মীরনের ছেলে হেলাল (২৪)। লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের নূর হোসেনের পুত্র মহিন উদ্দিন এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. রহমত উল্লাহ খোকনের পুত্র শাহিন আলম ওরফে শাকিল। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন মামলার বিষয়টি জানিয়েছেন।
গত বুধবার রাত দশটার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে তার বাড়ির সামনে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এসময় জাহিদুল আলম জাহাঙ্গীরের সাথে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। আশংকাজনক অবস্থায় দুজনকেই জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।
পরে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলায় এজাহারভুক্ত করে আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। ওসি মনোয়ার হোসেন জানান, হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
