স্বর্ণের দোকান থেকে কারিগরের লাশ উদ্ধার
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচর উপজেলার সদর আলগী বাজারের একটি স্বর্ণের দোকান থেকে বিজয় ঘোষ (৪৫) নামে এক স্বর্ণকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে ‘আলিফ গোল্ড মার্কেট’-এর ‘নিউ মাতৃ শিল্পালয়’ নামের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিজয় ঘোষ মতলব উত্তর উপজেলার নায়েরগাঁও এলাকার জহর লাল চন্দ্র ঘোষের ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে ওই প্রতিষ্ঠানে স্বর্ণের কারিগর হিসেবে কর্মরত ছিলেন এবং দোকানেই রাত্রিযাপন করতেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মালিকপক্ষ বাড়ি চলে যান।
শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দোকান বন্ধ ছিল এবং বিজয় ঘোষ ভেতরেই অবস্থান করছিলেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দোকানের যৌথ মালিক ও নিহতের শ্যালক বিকম চন্দ্র ঘোষ (মধু) দোকান খুলতে এসে শাটার খোলা থাকলেও ভেতরের কলাপসিবল গেটে তালা দেখতে পান। কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিকল্প চাবি দিয়ে ভেতরে প্রবেশ করলে তিনি সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় বিজয় ঘোষের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
বিকম চন্দ্র ঘোষ জানান, বিজয় ঘোষের সঙ্গে পরিবারের সদস্য বা দোকানের কারও কোনো বিরোধ ছিল না। তবে ঘটনার দুই দিন আগে রাতে মোবাইল ফোনে কারও সঙ্গে তার উচ্চস্বরে কথা কাটাকাটির বিষয়টি তিনি শুনেছেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে তারা কিছুই নিশ্চিত নন।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
