ভারতীয় নারীকে ‘বাংলাদেশি’ সাজিয়ে পুশইন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশের বিরুদ্ধে এক ভারতীয় নারীকে ‘বাংলাদেশি’ পরিচয় দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার (পুশইন) অভিযোগ উঠেছে। রেশমা বিবি নামের ওই নারী এখন তার শিশু সন্তানসহ বেনাপোল সীমান্তে দেশে ফেরার পথ খুঁজে বেড়াচ্ছেন। রেশমা বিবি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পাকুর জেলার মহেশপুর থানার খাগড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম রাজু শেখ ও বাবার নাম বুলু শেখ। তিনি ২ সন্তানের জননী। শুক্রবার বিকালে বেনাপোল চেকপোস্ট এলাকায় দিশেহারা অবস্থায় তাকে ঘুরতে দেখা যায়। রেশমা জানান, তিনি জীবিকার তাগিদে মুম্বাইয়ে একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সেখান থেকে ভারতীয় পুলিশ কয়েকজন বাংলাদেশীর সঙ্গে তাকে ও তার সন্তানকে আটক করে। তিনি বারবার নিজেকে ভারতীয় নাগরিক দাবি করলেও পুলিশ তা কানে নেয়নি।
