সিরাজগঞ্জে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পানাগাড়ী বাঘগাড়ি পাড়া গ্রামে চায়না জালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে হযরত আলীর (৪৫) মৃত্যু হয়েছে।

সে ওই গ্রামের করিম সরকারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে হযরত আলী তার বাড়ির সামনের বন্যার পানিতে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় জালের ভেতর একটি বিষাক্ত সাপ আটকে ছিল এবং জাল থেকে মাছ ছাড়ানোর সময় ওই সাপ তাকে কামড় দেয় এবং তাকে উদ্ধার করে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে ঝাড়ফুক দেয়া হয়।

এতে তার অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালের দিকে সে মারা যায়। এদিকে তার মৃত্যুতে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।