গ্রামীণফোন ডিস্ট্রিবিউটর হাউজে চুরির অভিযোগে যুবক আটক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে গ্রামীণফোনের ডিস্ট্রিবিউটর হাউজে চুরির অভিযোগে মো. হাসান (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। গত রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাজিরহাট এলাকা থেকে তাকে আটক করেন। এর আগে গত শনিবার রাতে উপজেলার হাজিরহাট বাজারে অবস্থিত গ্রামীণফোনের ডিস্ট্রিবিউটর হাউজে ওই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। আটক যুবক হাসান উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। জানা গেছে, শনিবার গভীর রাতে একদল চোর উপজেলার হাজিরহাট দক্ষিণ বাজারের ফাইয়াজ ম্যানশনের তৃতীয় তলায় অবস্থিত গ্রামীণফোনের ডিস্ট্রিবিউটর হাউজের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে। এসময় চোর অফিসের স্টিলের আলমারি ও ক্যাশ বাক্স ভেঙে নগদ দুই লাখ ৩২ হাজার টাকা এবং গ্রামীণফোন কোম্পানির পাঁচ লাখ ৫১ হাজার ১২০ টাকার স্ক্র্যাচ কার্ড নিয়ে যায়। এ ঘটনায় ডিস্ট্রিবিউটর হাউজের ম্যানেজার মিজানুর রহমান বাদী হয়ে গত রোববার কমলনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে স্থানীয় হাসান নামে এক যুবককে আটক করে।
ডিস্ট্রিবিউটর হাউজের পরিচালক মো. মনির হোসেন জানান, রামগতি ও কমলনগর উপজেলার একমাত্র গ্রামীণফোন ডিস্ট্রিবিউটর হাউজ এটি। এখান থেকে দুই উপজেলার খুচরা ব্যবসায়ীদের কাছে নতুন সিম, রিচার্জ স্ক্র্যাচ কার্ড, মিনিট ও ইন্টারনেট প্যাকেজসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হয়। শনিবার রাতে ম্যানেজার মিজানুর রহমান ওই দিনের বিক্রির নগদ দুই লাখ ৩২ হাজার ৯০ টাকা এবং গ্রামীণফোন কোম্পানির পাঁচ লাখ ৫১ হাজার ১২০ টাকার স্ক্র্যাচ কার্ড অফিসের স্টিলের আলমারি ও ক্যাশ টেবিলের ড্রয়ারে সংরক্ষণ করে অফিসে তালা দিয়ে বাড়ি চলে যান।
