কয়রায় জলমহল অবমুক্ত করার দাবি

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

উপজেলার বামিয়া (বদ্ধ) জলমহাল ও শাকবাড়িয়া (বদ্ধ) জলমহল অবমুক্ত করার দাবি জানিয়েছে এলাকাবাসী। এ দুটি জলমহল অবমুক্ত করা হলে ৪নং কয়রা, উত্তরচক, মঠবাড়ি, মহারাজপুর, কালনা, অন্তাবুনিয়া, বামিয়া, গাজীনগর, ষোলহালিয়া গ্রামের হাজার হাজার হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে। ফলে ইরি বোরো, আউশ ধান ও তরমুজ চাষাবাদে কৃষকরা ব্যপকভাবে উপকৃত হবে। জানা গেছে ২৫.৬১ একর আয়তনের বামিয়া বদ্ধ জলমহল ৭ বছর মেয়াদে উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২০৩০ সাল পর্যন্ত ইজারা নেয় বামিয়া মৎস্যজীবী সমবায় সমিতি। সরেজমিন গিয়ে দেখা গেছে, জলমহলটি খন্ড খন্ড আকারে বিভক্ত করে মাছ চাষ করা হচ্ছে। খালের অতি নিকটবর্তী কৃষিজমিতে রোপা-আমন ও তরমুজ চাষের সময় সেচ কাজে পানির প্রয়োজন হলে পানি পাচ্ছে না কৃষক।