শিশু ধর্ষণ চেষ্টা ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাগুরা প্রতিনিধি

মাগুরায় শিশু রাজিয়া খাতুন (১৫) কে ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলায় হাসান শেখ (২৮) নামে এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত। গতকাল সোমবার বেলা ১১ টায় মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাসান শেখ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৭ মার্চ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের কুমার নদের তীরে একটি পেঁপে বাগানের পাশে বাঁশ ঝাড়ের নিচ থেকে শিশু রাজিয়া খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা মিকিজ শেখ ২০২২ সালের ১৯ মার্চ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

শিশুটির মা ছবিরন নেছা জানান, রাজিয়া ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। ঘটনার দিন স্কুল থেকে ফিরে বিকালে বাড়ির পাশের একটি জমিতে রসুন দেখতে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে একটি পেঁপে বাগানের পাশে বাঁশ ঝাড়ের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। দীর্ঘ চার বছর পরে এই মামলার রায় হলো। মামলার রায়ে সন্তুষ্ট হয়ে শিশুটির মা এই মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হাসান শেখ দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দেন। এই রায়ে আমরা সন্তুষ্ট, রায়টি দ্রুত কার্যকর হবে বলে আশা করি।

আসামীপক্ষের আইনজীবী মনির হোসেন বাবলু জানান, এই রায়ে আমরা সন্তুষ্ট না। এ রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে।