ভাঙ্গুড়ার সাবেক মেয়রসহ গ্রেপ্তার দুই
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
দীর্ঘদিন আত্মগোপনের থাকার পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক পাবনা-৩ এর এমপি মকবুল হোসেনের পুত্র গোলাম হাসনাইন রাসেল ও বশির আহম্মেদ নামের দুইজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা করেছে পাবনা ডিবি পুলিশ। গত সোমবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাসেল ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র ও বশির আহম্মেদ ভাঙ্গুড়া পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন।
জানা গেছে, রাসেলের পিতা মকবুল হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনা জেলা শাখার সহ-সভাপতি এবং পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের টানা তিন মেয়াদের সাবেক সংসদ সদস্য ছিলেন। আর রাসেল পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। অপরদিকে বসির আহম্মেদ পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও পৌর সদরের কুমড়াডাঙ্গা এলাকার মৃত মাওলানা রিয়াজ উদ্দীনের ছেলে। তারা দুজনেই বিষ্ফোরক দ্রব্য আইনে মামলার এজাহার নামীয় আসামী।
পাবনা জেলা ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকশ টিম অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে গত সোমবার রাতে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানার মামলা নং-০৪, তারিখ ১৩/০৫/২০২৫, বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩/৫/৬ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আইনগত কার্যক্রম চলছিল। পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা দুই আসামিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাম হাসনাইন রাসেল ও বশির আহমেদ নামের দুইজনকে ঢাকা থেকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।
