দৌলতপুরে নারীর লাশ উদ্ধার
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার হয়েছে। গত বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীর তীরবর্তী একটি নির্মাণাধীন ভবন থেকে লাশটি উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। নিহত বৃদ্ধা নারীর আনুমানিক বয়স ৬৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর, দারোগার মোড় ও পদ্মা পাড়ের আবেদের ঘাট এলাকায় ঘুরাফেরা করতেন এবং রাতেও তিনি এসব এলাকায় অবস্থান করতেন। গত বুধবার সকালে নির্মাণাধীন ভবনের মেঝেতে তাকে পড়ে থাকতে দেখে সন্দেহ হলে দৌলতপুর থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, পদ্মা তীরবর্তী এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ডিএনএ নমুনা সংগ্রহসহ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।
