মহেশপুরে মাদককারবারি আটক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ বোতল ভারতীয় অবৈধ ফেয়ারডাইল সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি পালসার মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। তবে তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তি শান্ত রহমান উপজেলার যাদবপুর বাজারপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম বাবু। সে একই উপজেলার সামন্তা গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়নের রুলি গ্রামের আলহাজ্ব মফিজ উদ্দীন অ্যাকাডেমির সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরবা পুলিশ ক্যাম্প ও মহেশপুর থানা যৌথভাবে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে এসআই রেজাউল সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রুলি গ্রামের আলহাজ্ব মফিজ উদ্দীন অ্যাকাডেমির সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করতে গেলে একজন পালিয়ে যায়। পরে আটক শান্ত রহমানের হেফাজতে থাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৫৫০ বোতল ভারতীয় অবৈধ ফেয়ারডাইল সিরাপ উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত লাল-কালো রঙের দুটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পালিয়ে যাওয়া অপর আসামিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।