বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতা খুন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বগুড়া প্রতিনিধি

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আতিকুর রহমান সাগর (৩৫) নামে সাবেক ছাত্রদল নেতা খুন হয়েছেন। গত বুধবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাগর পাঁচবাড়িয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ছিলেন।

জানা গেছে, মাদক কেনাবেচা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে বুধবার দিবাগত রাতে আতিকুর রহমানের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।