অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে জরিমানা

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিএপি সার বিক্রির অভিযোগে মেসার্স সেলিম ট্রেডার্স-কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিএপি সার বিক্রির অভিযোগের ভিত্তিতে মাহমুদপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে সারের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, কৃষকদের স্বার্থে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।