জয়নুল আবেদীন পার্কের উন্নয়নে দিকনির্দেশনা

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবীর সরকার এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকনুজ্জামান রোকন। গত বুধবার এ পরিদর্শনে তারা পার্কের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন কার্যক্রম, অবকাঠামোগত সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় পার্কে আগত দর্শনার্থীদের জন্য আরও উন্নত, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবীর সরকার পার্কের নান্দনিকতা বজায় রাখা, সবুজায়ন বৃদ্ধি, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিকদের জন্য মানসম্মত বিনোদন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি পার্কের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকনুজ্জামান রোকন বলেন, নগরবাসীর জন্য একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবারবান্ধব বিনোদনকেন্দ্র হিসেবে জয়নুল আবেদীন পার্ককে আরও আকর্ষণীয় করে তুলতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করছে। নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী পার্কের বিভিন্ন সুবিধা পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে।

পরিদর্শন শেষে কর্মকর্তারা পার্কের চলমান রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।