সমাজ বদলের অনুপ্রেরণা হয়ে উঠছে উখিয়ার কিশোর-কিশোরীরা

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়ায় ইমপ্যাক্ট প্লাস ক্লাবের কিশোর-কিশোরীদের রোল মডেল স্বীকৃতি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘প্রভাব সৃষ্টিতে উজ্জ্বল তারকারা’ প্রতিপাদ্যে গত বৃহস্পতিবার উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রকল্প। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

বিশেষ অতিথি ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজর বদরুল আলম এবং উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোবিলাইজেশন সিস্টেম অ্যান্ড স্ট্রেংথেনিং কর্মকর্তা মিতু পাপিয়া সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই প্রতিষ্ঠানের মোবিলাইজেশন সিস্টেম অ্যান্ড স্ট্রেংথেনিং কর্মকর্তা আশিস রিপন মণ্ডল। অনুষ্ঠানে ইমপ্যাক্ট প্লাস ক্লাবের কিশোর-কিশোরীদের মধ্যে রোল মডেল স্বীকৃতি প্রদান করা হয়। এ সময় অতিথিরা নিজেদের জীবন সংগ্রাম ও সফলতার অভিজ্ঞতা তুলে ধরে শিশু-কিশোরদের ইতিবাচক নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে উৎসাহিত করেন। স্বীকৃতিপ্রাপ্ত কিশোর-কিশোরীরা অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, ইমপ্যাক্ট প্লাস ক্লাবে যুক্ত হওয়ার পর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রকল্পের বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রম তাদের ব্যক্তিগত বিকাশ, নেতৃত্বের দক্ষতা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা বর্তমানে বাল্যবিবাহ প্রতিরোধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া (স্কুল ড্রপআউট) রোধ, শিশুশ্রম প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, মাদকাসক্তি প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।