নড়িয়ায় ২০০ পরিবার পেল খাদ্য সহায়তা

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

অতি বৃষ্টিতে কর্মহীন ও পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা, নওপাড়া ও সুরেশ্বর ইউনিয়নের ২শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার সুরেশ্বর এলাকায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ।

এ সময় কিরণ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সবসময় রয়েছে। কোনো অসহায় পরিবার যেন খাদ্যসংকটে না পড়ে, সে বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় তিনি দুর্যোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।