এক বছরে এক লাখ চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী এক বছরের মধ্যে এক লাখ গাছের চারা রোপণের লক্ষ্যে বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল শনিবার সকালে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘এক লাখ বৃক্ষরোপণ ও চারা বিতরণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা শ্রীমঙ্গল উপজেলায় এক বছরের মধ্যেই দ্রুততম সময়ে এক লাখ গাছের চারা রোপণের কর্মসূচির হাতে নিয়েছি। শ্রীমঙ্গলে ৯টি ইউনিয়ন ও একটি একটি পৌরসভা রয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ১০ হাজার করে গাছের চারা রোপণ করা হবে। এ কার্যক্রমে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডগুলোকে সম্পৃক্ত করা হবে, যাতে তৃণমূল পর্যায়ে মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়।

একই সঙ্গে ওয়ার্ডভিত্তিক এলাকার সাধারণ মানুষের মাঝে এসব চারা বিতরণ করা হবে। তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী এ সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।