আশুলিয়ায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ার জামগড়া এলাকায় বাড়ির ম্যানেজারকে জিম্মি করে চাঁদা দাবির ঘটনায় পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার শরীফ চৌধুরীর মালিকানা, চৌধুরী প্লাজায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী চৌধুরী প্লাজার ৫ তলায় প্রবেশ করে বাড়ির ম্যানেজার লিমাকে জিম্মি করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। পরে ঘটনার একপর্যায়ে বাড়ির কেয়ারটেকার লিমার কোনো সন্ধান না পেয়ে বাড়ির মালিক পক্ষের লোকজন পুলিশে খবর দেয়।
ঘটনা স্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা লিমাকে জিম্মি করা অবস্থায় পুলিশকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুড়লে পুলিশও সন্ত্রাসীদের লক্ষ করে পালটা গুলি ছোড়ে। ঘটনার একপর্যায়ে লিমাকে সুযোগ বুঝে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম (ক্রাইম, অপস্ ও ট্রাফিক, উত্তর), জানান, এই এলাকার শীর্ষ সন্ত্রাসী বাপ্পি তার তিন সহযোগী সহ সকাল আনুমানিক ৭টার দিকে এই বাড়িতে প্রবেশ করে বাড়ির ম্যানেজার লিমাকে জিম্মি করে তার কাছে মোটা অংঙ্কের চাঁদা দাবি করে এবং অফিসে থাকা বিভিন্ন লকারে টাকা খুঁজতে থাকে। এদিকে মালিক পক্ষের লোক লিমার সঙ্গে যোগাযোগ করতে না পারলে তাদের কিছু একটা সন্দেহ হয়,পরে পুলিশে খবর দিলে পাশেই থাকা জামগড়া পুলিশ ক্যাম্পের পুলিশ ও টহলে থাকা পুলিশ ঘটনা স্থলে পৌছলে সন্ত্রাসীরা পুলিশের উপস্তিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিছুড়লে পুলিশও পাল্টা গুলি করে, পরে গোলাগুলির খবর পেয়ে আরো পুলিশ ঘটনা স্থলে আসে, পরে সন্ত্রাসীরা লিমাকে সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করে গুলি করতে থাকে এবং এক পর্যায়ে পালিয়ে যায়, এঘটনায় জিম্মি থাকা লিমাকে উদ্ধার করতে পারলেও সন্ত্রাসী কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দ্রুতই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
