নদী রক্ষায় সাংস্কৃতিক পদযাত্রা

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় ২ দিনব্যাপী ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। ফুলজোড় ও করতোয়া নদীকে দূষণ ও দখলমুক্ত করতে নিজেরা করি সংস্থার সহযোগিতায় স্থানীয় ভূমিহীন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। ফুলজোড় নদী তীরবর্তী কুটিরচর গ্রামে গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ওইদিন দুপুরে ধানগড়া পূর্বপাড়া এবং সন্ধ্যায় গ্রামসোনাই এলাকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরদিন সকালে একই এলাকার রয়হাটি গ্রামে প্রথম পর্ব অনুষ্ঠিত হয় এবং বিকেলে ঘুরকা পুরান বাজারে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ দুই দিনের কর্মসূচিতে নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা, জাগরণী গান, নৃত্য পরিবেশনা এবং পরিবেশ বিষয়ক গণনাটক মঞ্চস্থ করা হয়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিজেরা করি সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার, কেন্দ্রী সাংস্কৃতিক কর্মী ইদ্রিস আলী, বিভাগীয় সংগঠক সাইফুন্নাহার রত্না, বাপার জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর, আছাবুর রহমান, ফয়সাল বিশ্বাস প্রমুখ।