বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত তিন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় জব্দ বালু নিয়ে বিএনপির দু’গ্রুপের দ্বন্দ্বের জেরে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এতে রিয়াজ উদ্দিন টিপু নামে এক বিএনপি কর্মীসহ তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় গতকাল গতকাল শনিবার বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীসহ ১৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর আগে গত শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলা পরিষদ কম্পাউন্ডসংলগ্ন ছাগলনাইয়া-করেরহাট সড়কের শহিদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

আহত টিপুর অভিযোগ,সরকারের জব্দকৃত বালু অভিযুক্ত আলমগীর সিদ্দিকী রাতের আঁধারে অবৈধভাবে বিক্রি করে দিচ্ছে। এনিয়ে কথা বলায় রাত সাড়ে ১২টার দিকে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা তাকে শহিদ মিনারের সামনে যেতে বলেন। সেখানে পৌঁছানোর পর ঘোপাল ও শুভপুর ইউনিয়নের কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে অবস্থান করছিলেন। তাদের মধ্যে ঘোপাল ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর ছিদ্দিকীর নেতৃত্বে থাকা লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় তার মাথায় ককটেলের আঘাত, পায়ে গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

পরিচয় প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, রাত ১টার পরে তিনি ঘটনাস্থলের কাছে পৌঁছে কয়েকটি মাইক্রোবাস থেকে ২৫-৩০ জন হেলমেটধারী ব্যক্তিকে নামতে দেখেন। একপর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়।