সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে সাংবাদিক নজরুল ইসলাম নাহিদের ওপর হামলা ও চাঁদাবাজির মামলার প্রধান আসামি ফজলুল হক বাচ্চুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গতকাল রোববার বিকেলে টাঙ্গাইল সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিকের ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় র‍্যাব-১৪-এর টাঙ্গাইল ক্যাম্পের একটি দল ফজলুল হক বাচ্চুকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, সখীপুরে জমি কেনার পর থেকেই ফজলুল হক বাচ্চু সাংবাদিক নজরুল ইসলাম নাহিদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় গত ১২ জুলাই তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় সাংবাদিক নাহিদ বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেন।

এর আগে গত ১৯ জুলাই সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিক নজরুল ইসলাম নাহিদ অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হামলা করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন।