ট্রাক-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজার অফিস

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন। নিহত নারীরা হলেন দুই বোন রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। তারা উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের মেয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত পুরুষের নামণ্ডপরিচয় পাওয়া যায়নি। আহত তিনজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি মামলার কাজে সোমবার সকালে দুই বোন কক্সবাজার আদালতে গিয়েছিলেন। আদালতের কার্যক্রম শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে রামুর খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশাটিতে চালকসহ মোট ছয়জন আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী আব্দুল গফুর বলেছেন, “সন্তানদের নিয়ে কোচিংয়ে যাওয়ার পথে আমার চোখের সামনে দুর্ঘটনাটি ঘটে। ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।” রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বললেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে হাইওয়ে পুলিশ কাজ করছে।
