খুলনায় দিনদুপুরে গুলি ও কুপিয়ে যুবক জখম

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা ব্যুরো

খুলনা নগরীর লবণচড়া এলাকায় দিনদুপুরে সশস্ত্র হামলায় আরিফ সিকদার (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। প্রকাশ্যে গুলি চালিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এ হামলার ঘটনা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। গতকাল সোমবার দুপুরে রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরিফ সিকদার লবণচড়া থানার মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা আবুল কালাম সিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত হঠাৎ আরিফকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আরিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত আরিফের ভাই সজীব সিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যাকে ফ্যাসিস্ট সরকার বলতাম, সেই সময়েও এভাবে প্রকাশ্যে গুলি ও কোপাকুপির ঘটনা এতটা ছিল না। এখন বৈধ নির্বাচিত সরকারের আমলে কেন সহিংসতা বাড়ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন।