বিএনপি দুইগ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৬

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ ও চাঁদা দাবির ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এ দুটি মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ এ মামলায় উপজেলা বিএনপির নেতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। উল্লাপাড়া মডেল থানার ওসি আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম মিস্টার এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন গ্রুপের মধ্যে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষ আজাদ গ্রুপের লোকজন মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। এ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরই জের ধরে রোববার দুপুরের দিকে থানা গেইট চত্বর এলাকায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষ ও হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। পুলিশের কঠোর পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওইদিন রাতেই সংঘর্ষের ঘটনায় মিস্টার বাদী ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। উল্লাপাড়া মডেল থানার মামলা নং-২৫ তাং- ২৬-০৭-২০২৬ ইং। একই রাতে চাঁদা দাবির ঘটনায় মিস্টারের ভাই আলমগীর বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। উল্লাপাড়া থানার মামলা নং-২৬ তাং-২৬-০৭-২০২৬ ইং। পুলিশ গতকাল সোমবার ভোর রাতে এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতা আজাদসহ উভয় মামলার ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় এবং অপর ৫ নেতাকর্মী হলেন, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মনতাজ আলী (৫০), যুবদল নেতা আশিক (৩২), বিএনপি কর্মী রফিকুল ইসলাম (২৫), শাহাদত হোসেন (৩০) ও সাগর (৩৮)।