নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ হতে রট নিচে নামাতে গেলে রট বিদ্যুতের তাড়ে জড়ায়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার তাড়াইল এলাকার রতনের ছেলে জিসান (১৮) এবং উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)। ঘটনাস্থলের নির্মানাধীন ভবনে কর্মরত আরেক শ্রমিক হাসান জানান-ভবনের ছাদে রডের কাজ শেষ হওয়ার পর কিছু রড নিচে নামানোর প্রয়োজন হয়। তিনি শ্রমিকদের রড গুলো সিঁড়ি দিয়ে নামিয়ে আনতে বলি। তখন এই দুই শ্রমিক রট গুলো সিঁড়ি দিয়ে না নামিয়ে ছাদের পাশ দিয়ে রড নামানোর চেষ্টা করেন। এ সময় লম্বা রডটি ভবনের পাশ দিয়ে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে থাকা দুই শ্রমিক নিচে ছিটকে পড়ে যায়। আশপাশের লোকজন তাদের উদ্বার করে ত্রিশাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা. তাদের মৃত ঘোষণা করেন ।

ভবনের মালিক আল আমিন বলেন, নির্মাণকাজের দায়িত্ব শ্রমিকদের এক ওসতাগারের কাছে চুক্তি ভিত্তিতে বুঝিয়ে দেওয়া হয়েছিল এবং ঘটনার সময় তারা কেউ ঘটনাস্থলে ছিলেন না। তিনি আরও জানান, ছাদে রাখা রডগুলো সিঁড়ি দিয়ে নামানোর জন্য দায়িত্বরত ঠিকাদার ও শ্রমিকদের আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ফোনে জানতে পারেন, রড নামানোর সময় বিদ্যুতের তারে স্পর্শ লাগায় দুই শ্রমিক বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান এবং তাদের মৃত্যু হয়েছে। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহমুদ বলেন, হাসপাতালে পৌঁছে দেখি নিহতদের মৃত্যুসনদ প্রস্তুতের কার্যক্রম চলছিল। মরদেহ পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করেছিলাম, তারা বহুতল ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন।