বর্ষায় শিশুদের নিরাপত্তায় বাড়তি সতর্ক থাকার আহ্বান

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

শিক্ষার্থীদের সন্ধ্যার পর অযথা ঘোরাফেরা ও আড্ডা থেকে বিরত থাকা, শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন সময়ে দোকানে অবস্থান না করা এবং বর্ষাকালে শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের সৌজন্যে এ জরুরি নির্দেশনা ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। প্রচারিত ঘোষণায় বলা হয়, নির্ধারিত সময় এবং মাগরিবের পর শিক্ষার্থীদের অহেতুক বাসার বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে হবে। এ সময় তাদের পড়াশোনায় মনোযোগ দিয়ে বাড়িতে থাকার আহ্বান জানানো হয়। এ ছাড়া ১৮ বছরের কম বয়সি কিশোরদের কাছে বিড়ি, সিগারেটসহ কোনো ধরনের তামাকজাত দ্রব্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের বিনা প্রয়োজনে দোকানে অবস্থান বা আড্ডা না দেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়। বর্ষা ও বৃষ্টির মৌসুমে শিশুদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলা হয়, ছোট শিশুদের খাল, বিল, ডোবা ও গভীর পানির কাছাকাছি যেতে না দিতে হবে।