সাভারে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাভার প্রতিনিধি
ঢাকার সাভারের রাজাবাড়ী গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য এক লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার রাত নয়টার দিকে ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল সাভার মডেল থানার রাজাবাড়ী গেন্ডা এলাকায় অভিযান চালায়। এ সময় চার কেজি গাঁজাসহ রুমি আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, রুমি আক্তারের গ্রামের বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলায়। বর্তমানে তিনি সাভারের রাজাবাড়ী গেন্ডা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। প্রাথমিক অনুসন্ধানে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।
