কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নয় নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে রাতের আঁধারে মশাল মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজ সংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে এ অভিযান চালানো হয়। শনিবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ। গ্রেপ্তাররা হলেন- আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়ালিউর রহমান শিবলী , মো. রমজান , মো. রিপন , মো. ইব্রাহিম , মো. রাকিব শিকদার , মহিবুল্লাহ আল সাব্বির , মো. ইকবাল , মো. সামিউল ইসলাম এবং মো. শফিকুল ইসলাম খান ওরফে ইদ্রিস।

পুলিশ জানায়, “শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজ সংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে মশাল মিছিল চলাকালে ৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) জাকির আল আহাসান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।