অপরাধী যে-ই হোক আইনের আওতায় আনতে হবে : অ্যাটর্নি জেনারেল

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদে অফিসারদের সঙ্গে মতবিনিময় সভার তিনি একথা বলেন। সভায় তিনি প্রধান বক্তা ছিলেন।

সভার পর সংরক্ষিত মহিলা আসনের এমপি ফাহিমা নাসরিন মুন্নী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় তিনি বলেন, ভূমিদস্যু ও নদী দখলকারী যত প্রভাবশালীই হোক তাকে উচ্ছেদ করে নদী দখলমুক্ত করতে হবে।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মহেশপুর অফিসার্স ফোরামের সভাপতি আবুল বাসার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ও ফোরামের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজেদুর রহমান, ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক ও ফোরামের কোষাধ্যক্ষ খালিদ সাইফুল্লাহ সজিব, ফোরামের সদস্য তরিকুল ইসলাম, আব্দুল আজিজ, মহেশপুরের প্রবীণ শিক্ষক এটিএম খাইরুল আনাম, কেন্দ্রীয় কৃষক দলের সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুল ইসলাম মোমিন, জেলা বিএনপি নেতা ড. নান্নু মিয়া, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, মহেশপুর ওসি মেহেদী হাসান প্রমুখ। সভা সঞ্চালনা করেন বিআরডিবি অফিসার বাহাউল ইসলাম।

অ্যাটর্নি জেনারেল তার বক্তব্য বলেন, যে কোন মূল্যে মহেশপুর সীমান্ত সুরক্ষিত করতে হবে মানব পাচার, ধুর পাচার, সোনা চোরাচালান ও মাদক বন্ধ করতে হবে। তিনি মানব পাচারের যে সকল আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশনা দেন। তিনি আরো বলেন মহেশপুরকে উন্নয়নের জন্য সকলে মিলে একযোগে কাজ করতে হবে। এসময় মহিলা এমপি ফাহিমা নাসরিন মুন্নি বলেন, মহেশপুর একটি কৃষিপ্রধান অঞ্চল এখানে পাঁচ ছয়টি নদী প্রবহমান সকল নদী বিভিন্ন প্রভাবশালী মহলের দখলে চলে গেছে, এখন নদীগুলি খালে পরিণত হয়েছে। অনেকেই এই নদীতে পুকুর খনন করেছে।

তিনি উপজেলা নির্বাহী অফিসারসহ সকলকে নির্দেশনা দেন। দখলদার যত প্রভাবশালী হোক নদী দখলমুক্ত করতে হবে এবং তাদেরকে উচ্ছেদ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, মহেশপুর উন্নয়নের জন্য আমরা সবাই একযোগে কাজ করবো। বর্তমান সরকার জনগণের সরকার, সেকারণে বর্তমান প্রধানমন্ত্রী জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উপজেলা চত্বরে আসলে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর আগে ভালাইপুর গ্রামে সাবেক এমপি সহিদল ইসলাম মাষ্টারের কবর জিয়ারত করেন। পরে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেন।