রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল শনিবার উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি গণমিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিবদীঘি জুলাই চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির মিজানুর রহমান মাস্টার। এছাড়াও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মোকারম হোসাইন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আমির আহাম্মেদসহ অন্যান্য নেতারা। বক্তারা বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
তাদের দাবি, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে মত দিয়েছেন এবং সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তারা আরও বলেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো তা কার্যকর হয়নি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
