লক্ষ্মীপুরে বিচারাধীন জমির গাছ কাটার অভিযোগ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শমসেরাবাদ এলাকায় আদালতে বিচারাধীন একটি বাগান জমি থেকে প্রায় ৩০ বছরের পুরোনো ১০-১২টি গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেও কোনো সুরাহা পাননি ভুক্তভোগী এক বৃদ্ধা।

অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভাধীন শমসেরাবাদ মৌজার সাবেক ১০৫, ১০৭ দাগ, বর্তমান ৫১৭৬ দাগে ৬.৭৫ শতাংশ জমির মালিক মমিন উল্যা। গত ১ এপ্রিল ২০২৬ বেলা ১১টার দিকে অভিযুক্ত মাঈন উদ্দিন পাঠান তার সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে জোরপূর্বক ওই জমিতে থাকা প্রায় ৩০ বছরের পুরোনো ১০-১২টি গাছ কেটে নিয়ে যায়। এতে প্রায় ১ থেকে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাদীপক্ষের দাবি, হাইকোর্ট বিভাগের সিভিল রিভিশন নং-৪৫/২০২২ এবং লক্ষ্মীপুর সিনিয়র সহকারী জজ আদালতের দেওয়ানি মামলা নং-৪৩৭/২০২২-এ জমিটি বিচারাধীন। হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ বলবৎ থাকা সত্ত্বেও তৃতীয় পক্ষ হিসেবে আওমীলীগের দোসর মাঈন উদ্দিন পাঠান বেআইনিভাবে বাগানে অনুপ্রবেশ করে গাছ কেটে নেন।

এ ঘটনায় বৃদ্ধা মমিন উল্যা ১ এপ্রিল ২০২৬ তারিখে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যার এসডিআর নম্বর ৯৪৮। পাশাপাশি ৬ এপ্রিল ২০২৬ তারিখে প্রতিকার চেয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত আবেদন করেন। কিন্তু অভিযুক্তের রাজনৈতিক প্রভাবের কারণে তিনি কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, গাছ কাটার সময় একটি গাছ পড়ে মমিন উল্যা জমিতে থাকা অবৈধ সীমানা প্রাচীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ওই ঘটনাকেই কেন্দ্র করে তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলার ভয়ভীতি দেখানো হচ্ছে এবং থানায় একাধিকবার বৈঠকের নামে হয়রানি করা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত সরকারি কলেজের অধক্ষ্য মাঈন উদ্দিন পাঠান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো অন্যায় করেননি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ পারভেজ বলেন, মমিন উল্যার পক্ষ থেকে গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে মাঈন উদ্দিন পাঠানও বাউন্ডারি ওয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ দিয়েছেন। বর্তমানে বৃদ্ধ ও অসহায় মমিন উল্যা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। একই সঙ্গে আদালতের আদেশের প্রতি সম্মান রেখে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।