ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নারীসহ নিহত দুই
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চায়ের দোকানে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দাদের ওপর আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক নারী ও দোকানদারসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। গতকাল রোববার দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও বলগাঁ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কুষারিগাঁও বলগাঁ এলাকার মহেন চন্দ্র ওরফে টিহাকুর স্ত্রী শাস্তি রাণী (৫০) এবং একই এলাকার মৃত বেহারু রায়ের ছেলে শুহি রাম রায় (৫০)। শুহি রাম পেশায় ওই চায়ের দোকানদার ছিলেন। আহতরা হলেন একই এলাকার টেপরা ও শালন চন্দ্র। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় বৃষ্টি থেকে বাঁচতে এবং চা খেতে পাশের একটি চায়ের দোকানে জড়ো হন কয়েকজন স্থানীয় বাসিন্দা। চা পান ও আড্ডার মাঝেই হঠাৎ ওই দোকানের ওপর বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও দুজন ।
ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
