পলাশে দুইপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ আহত ১০
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গত শনিবার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা ফকির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফকির বাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়ার সঙ্গে একই এলাকার ইব্রাহিম আল মাসুম মিয়া, মামুন আহমেদ ও জয়নাল আবেদীনের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। গত শনিবার রাতে ইব্রাহিম আল মাসুম, মামুন আহমেদ, জয়নাল আবেদীনসহ কয়েকজন একটি মুদি দোকানে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়া তাদের সহযোগীদের নিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলায় ছাত্রদল নেত ইব্রাহিম আল মাসুম মিয়া পেটে গুলিবিদ্ধ হন।
এছাড়া তাকে রক্ষা করতে গেলে ডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।
আহতদের চিৎকারে স্থনীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থা থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
